শীতে যেভাবে ধরে রাখবেন ত্বকের কোমলতা

শীতকালে ত্বকের যত্নের পদ্ধতি বদলে যায়। ড্রেসিং টেবিলে জায়গা করে নেয় লোশন, অলিভ অয়েল, ময়েশ্চারাইজার। সঙ্গে থাকে হাতের ক্রিম, পায়ের ক্রিম, ঠোঁটের ক্রিম। তবে অনেকেই এখনও ত্বকের শুষ্কতা দূর করতে ভরসা রাখেন প্রাচীন ও সাধারণ পণ্যে, যেমন পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন। এগুলো ব্যবহার করলেও কোনো ক্ষতি হয় না, বরং ত্বককে উপকারও করে।
শীতকালে ত্বকের শুষ্কতা কমাতে এবং আর্দ্রতা বাড়াতে প্রশ্ন আসে— পেট্রোলিয়াম জেলি ভালো নাকি গ্লিসারিন? আসুন, এ বিষয়ে বিস্তারিত জেনে নিই।

পেট্রোলিয়াম জেলি ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এই স্তর ত্বকের ভেতরের আর্দ্রতা বাইরে বের হতে দেয় না। পেট্রোলিয়াম জেলি ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা প্রায় ৯৯ শতাংশ। ফলে শীতের রুক্ষ আবহাওয়ায় এটি ত্বককে চরম শুষ্কতা থেকে রক্ষা করে।
অপরদিকে, গ্লিসারিন ত্বকে বাইরে থেকে আর্দ্রতা টেনে আনে। এটি ত্বকে মাখলে পরিবেশ থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ত্বকের ভেতরে নিয়ে আসে। বিশেষত হালকা ভেজা ত্বকের ওপর গ্লিসারিন ব্যবহার করলে এর কার্যকারিতা বেশি হয়।
উভয় উপাদানই শীতকালে হাইড্রেশন বা আর্দ্রতা বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু কাজ করার পদ্ধতি ভিন্ন। পেট্রোলিয়াম জেলি ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখে, আর গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা টেনে আনে। কখনও কখনও পেট্রোলিয়াম জেলি ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে শুষ্ক অংশে পৌঁছে দিতে পারে। অন্যদিকে, গ্লিসারিন সেই অঞ্চলে আর্দ্রতার অভাব মেটাতে সহায়ক।

কোনটি কোন ত্বকের জন্য উপযুক্ত—
পেট্রোলিয়াম জেলি: মাখার পর ত্বকে আঠালো বা চটচটে ভাব তৈরি হয়। তাই প্রচণ্ড শুষ্ক, খসখসে বা ছাল ওঠা ত্বকের জন্য এটি সর্বোত্তম। ফাটা ঠোঁট, কনুই, গোড়ালি, এগজিমা বা চুলকানি থাকলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উচিত।
গ্লিসারিন: হালকা, তেলচিটে বা আঠালো ভাব তৈরি করে না। সাধারণ থেকে হালকা শুষ্ক ত্বকের জন্য এটি উপযুক্ত। তবে খুব শুষ্ক আবহাওয়ায় গ্লিসারিনের কারণে ত্বকের ভেতরের আর্দ্রতা টেনে আনা ক্ষতি করতে পারে। ব্রণপ্রবণ ত্বকে গ্লিসারিন পেট্রোলিয়াম জেলির চেয়ে ভালো কাজ করে।
শীতকালে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো উভয় উপাদানের সমন্বয়। প্রথমে গ্লিসারিন মেখে আর্দ্রতা বাড়ান, এরপর পেট্রোলিয়াম জেলি মেখে তার ওপর সুরক্ষামূলক স্তর তৈরি করুন। এতে ত্বকের আর্দ্রতা বাইরে বের হবে না এবং ত্বক থাকবে সুস্থ ও নরম।
ভোরের আকাশ/তা.কা