গরুর ভুঁড়ি খাওয়ার উপকারিতা ও সতর্কতা

গরুর ভুঁড়ি বা বট ভুনা অনেকের কাছেই অত্যন্ত প্রিয় খাবার, বিশেষ করে মুসলিম সমাজে এর জনপ্রিয়তা আলাদা। শুধুই স্বাদেই নয়, এই খাবারে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণও। তবে অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে সতর্ক না হলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি।
বিশেষজ্ঞদের মতে, গরুর ভুঁড়ি ভিটামিন বি-১২-এ ভরপুর, যা শরীরে রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক। এটি লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে।
এছাড়াও এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখে।
তবে পুষ্টির পাশাপাশি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। গরুর ভুঁড়িতে তুলনামূলকভাবে উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকতে পারে। তিন আউন্স পরিবেশনে এতে কোলেস্টেরলের পরিমাণ হতে পারে প্রায় ১০৮ মিলিগ্রাম পর্যন্ত। ফলে উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এটি ক্ষতিকর হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত পরিমাণে গরুর ভুঁড়ি খাওয়া দেহের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হলেও অতিরিক্ত খেলে কোলেস্টেরল বাড়ার আশঙ্কা থাকে। তাই যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে, তাদের ক্ষেত্রে এই খাবার গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ভোরের আকাশ।।হ.র