আপনি কি বারবার ভুল মানুষের প্রেমে পড়ছেন? জেনে নিন এর বৈজ্ঞানিক কারণ

একটি বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই অনেকেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। শুরুতে মনে হয়, এবার হয়তো সঠিক মানুষকেই পেয়েছেন। কিন্তু কিছুদিন পর দেখা যায়, আগের সম্পর্কের মতোই একই সমস্যা, একই কষ্ট ও একই হতাশা ফিরে এসেছে। মনোবিজ্ঞানে এই পুনরাবৃত্ত প্রবণতাকে 'গ্রাউন্ডহগিং' বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, মানুষের মস্তিষ্ক পরিচিত আচরণ ও পরিবেশের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। ফলে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে একজন ব্যক্তি বারবার একই ধরনের স্বভাব, মানসিকতা বা আচরণের মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
কেন এমন হয়?
শৈশবের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, আত্মসম্মানবোধের ঘাটতি কিংবা পুরোনো মানসিক ক্ষত—এসব কারণে একজন ব্যক্তি অজান্তেই একই ধরনের সম্পর্কের দিকে ঝুঁকে যেতে পারেন। নতুন মানুষ হলেও সম্পর্কের সমস্যার ধরন অনেক সময় আগের মতোই থেকে যায়।
লক্ষণগুলো কী?
- নতুন সম্পর্ককে শুরুতেই "সম্পূর্ণ ভিন্ন" মনে হওয়া।
- কিছুদিন পর আগের মতোই ভুল বোঝাবুঝি, মানসিক চাপ বা অশান্তি দেখা দেওয়া।
- সম্পর্ক টিকিয়ে রাখা শুধু সামাজিক চাপ, একাকীত্বের ভয় বা অভ্যাসের কারণে।
কী করবেন?
- নতুন সম্পর্কে জড়ানোর আগে আগের সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন।
- বাহ্যিক আকর্ষণের চেয়ে মানুষের দ্বীনদারিতা, চরিত্র, মূল্যবোধ ও দায়িত্বশীলতাকে বেশি গুরুত্ব দিন।
- মানসিকভাবে সুস্থ ও স্থিতিশীল না হওয়া পর্যন্ত নতুন সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
- প্রয়োজনে পরিবার, বিশ্বস্ত অভিভাবক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- ইসলামি মূল্যবোধ অনুযায়ী বৈধ ও দায়িত্বশীল পারিবারিক জীবন গঠনের লক্ষ্যেই জীবনসঙ্গী নির্বাচন করুন।
একটি সুন্দর ও স্থায়ী দাম্পত্য গড়ে ওঠে শুধু আবেগ দিয়ে নয়; বরং তাকওয়া, উত্তম চরিত্র, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও আল্লাহভীতির ভিত্তির ওপর। তাই সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া নয়, সচেতন ও বিচক্ষণ সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে আনে।
ভোরের আকাশ/এনএ