অবাক করা ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা
কেন সিনিয়র আপুর প্রেমে পড়ছে তরুণরা!

প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে বয়স সবসময় নির্ধারক নয়। অনেক সময় আবেগগত পরিপক্বতা, মানসিক নিরাপত্তা, পারস্পরিক বোঝাপড়া ও জীবনের অভিজ্ঞতাই একজন মানুষকে অন্যজনের প্রতি আকৃষ্ট করে। মনোবিজ্ঞানীদের মতে, কিছু পুরুষ বয়সে বড় নারীর প্রতি আকর্ষণ অনুভব করেন, যার পেছনে রয়েছে একাধিক মানসিক ও সামাজিক কারণ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, বয়সে বড় নারীরা সাধারণত জীবনের নানা অভিজ্ঞতার কারণে আবেগ নিয়ন্ত্রণে বেশি দক্ষ হন। সংকটময় পরিস্থিতিতে তারা তুলনামূলক শান্ত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারেন। এই মানসিক স্থিরতা অনেক পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, যেসব পুরুষ জীবনের অনিশ্চয়তা, চাপ বা মানসিক অস্থিরতার মধ্যে থাকেন, তারা এমন একজন সঙ্গী খোঁজেন, যার মধ্যে নিরাপত্তা ও আশ্বাসের অনুভূতি রয়েছে। বয়সে বড় নারীরা অনেক সময় সেই মানসিক স্বস্তি দিতে সক্ষম হন।
শৈশবের অভিজ্ঞতাও এ ধরনের আকর্ষণে ভূমিকা রাখতে পারে। যাদের বেড়ে ওঠার সময়ে পর্যাপ্ত মানসিক যত্নের ঘাটতি ছিল বা মায়ের সঙ্গে গভীর আবেগগত সম্পর্ক ছিল, তাদের কেউ কেউ পরিণত ও যত্নশীল ব্যক্তিত্বের প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন।
এ ছাড়া বয়সে বড় নারীরা সাধারণত নিজেদের লক্ষ্য, চাওয়া-পাওয়া ও সিদ্ধান্ত সম্পর্কে বেশি সচেতন থাকেন। আত্মবিশ্বাস, স্পষ্টভাষিতা এবং বাস্তবতাবোধ অনেক পুরুষের কাছে সম্পর্কের গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত হয়।
মনোবিজ্ঞানীরা আরও বলেন, কিছু ক্ষেত্রে সামাজিকভাবে প্রচলিত ধারণার বাইরে সম্পর্ক গড়ে তোলার বিষয়টিও আকর্ষণের একটি কারণ হতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিশেষজ্ঞদের মতে, কোনো সম্পর্কের সফলতা বয়সের ব্যবধানের ওপর নির্ভর করে না। বরং পারস্পরিক সম্মান, বিশ্বাস, দায়িত্ববোধ, বোঝাপড়া এবং মানসিক পরিপক্বতাই একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি।
ভোরের আকাশ/এনএ