গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি

বিশেষ কোনো আয়োজন মানেই সুস্বাদু কাবাবের উপস্থিতি। আর সেটি যদি গরুর মাংসের হয়, তাহলে আপ্যায়নের স্বাদ যেন আরও বেড়ে যায়। আপনি যদি ঝাল-মসলাদার খাবার পছন্দ করেন, তবে গরুর মাংসের স্পাইসি কাবাব হতে পারে দারুণ একটি পদ। ঘরোয়া আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়ন—সব ক্ষেত্রেই এটি টেবিলের আকর্ষণ বাড়াবে। চলুন জেনে নেওয়া যাক মুখরোচক এই কাবাব তৈরির সম্পূর্ণ রেসিপি।
তৈরি করতে যা লাগবে—
হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি
ছোলার ডাল বা বুটের ডাল ২ কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
শুকনা মরিচ ৪টি
লবণ পরিমাণমতো
গোল মরিচের গুঁড়া আধা চা চামচ
গরম মসলার গুঁড়া আধা চা চামচ
ডিম ১টি
কাবাব ভাজার জন্য তেল
যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস ছোট টুকরো করে কিমা করে নিন। এরপর একটি প্রেশার কুকারে ২ কাপ পানি দিন। এতে স্বাদমতো লবণ, আদা ও রসুন বাটা, শুকনা মরিচ, গরম মসলার গুঁড়া, ছোলার ডাল এবং মাংসের কিমা একসঙ্গে দিয়ে সেদ্ধ করুন।
পানি শুকিয়ে গেলে এবং মাংস ও ডাল নরম হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর ব্লেন্ডার বা শিলপাটায় মিশ্রণটি ভালোভাবে বেটে মসৃণ করে নিন।
এবার বাটা মিশ্রণের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে কাবাবের মিশ্রণ তৈরি করুন।
মিশ্রণ থেকে পছন্দমতো আকারে কাবাব তৈরি করুন। একটি ফ্রায়িং প্যানে তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে মাঝারি আঁচে কাবাবগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে নিন। অতিরিক্ত জোরে আঁচে ভাজবেন না, এতে কাবাব পুড়ে যেতে পারে। এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের স্পাইসি কাবাব।
ভোরের আকাশ/তা.কা