সকালের নাশতায় তৈরি করুন পুষ্টিকর ওটস খিচুড়ি

সকালের নাশতা হওয়া চাই সুস্বাদু ও পুষ্টিকর। তবে প্রতিদিনের ব্যস্ততায় অনেকেই নাশতা তৈরিতে বেশি সময় দিতে পারেন না। এমন পরিস্থিতিতে ওটস খিচুড়ি হতে পারে সহজ ও স্বাস্থ্যকর একটি খাবার। ওটস, ডাল ও বিভিন্ন সবজি দিয়ে তৈরি এই খিচুড়ি পেট ভরাতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ও বিভিন্ন পুষ্টি উপাদান।
সাধারণ খিচুড়ির মতোই সহজে তৈরি করা যায় ওটস খিচুড়ি। চাইলে নিজের পছন্দ অনুযায়ী সবজি ও মসলার পরিমাণও পরিবর্তন করা যায়। চলুন জেনে নেওয়া যাক সকালের নাশতায় সুস্বাদু ওটস খিচুড়ি তৈরির রেসিপি।
ওটস খিচুড়ি তৈরির উপকরণ
ওটস — ১ কাপ
মুগ ডাল বা মসুর ডাল — আধা কাপ
আলু — ১টি ছোট, টুকরো করা
গাজর, বিনস ও কড়াইশুঁটি — আধা কাপ, কুচি করা
টমেটো — ১টি ছোট, কুচি করা
আদাবাটা — ১ চা-চামচ
কাঁচা মরিচ — ৩–৪টি
জিরাগুঁড়া — ১ চা-চামচ
হলুদগুঁড়া — আধা চা-চামচ
কাশ্মীরি মরিচের গুঁড়া — আধা চা-চামচ
গোটা জিরা ও তেজপাতা — ফোড়নের জন্য
সরিষার তেল বা ঘি — ২–৩ টেবিল-চামচ
গরম মসলার গুঁড়া — আধা চা-চামচ
লবণ ও সামান্য চিনি — স্বাদমতো
পানি — আড়াই থেকে ৩ কাপ
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে মুগ ডাল বা মসুর ডাল শুকনো কড়াইয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
২. একটি কড়াইয়ে সরিষার তেল বা ঘি গরম করে তাতে তেজপাতা ও গোটা জিরা দিন। সুগন্ধ বের হলে আদাবাটা ও চেরা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।
৩. এবার কুচি করা টমেটো, হলুদগুঁড়া, জিরাগুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ দিন। টমেটো নরম হওয়া পর্যন্ত মসলা কষিয়ে নিন।
৪. কড়াইয়ে আলু, গাজর, বিনস, কড়াইশুঁটি ও ভেজে রাখা ডাল দিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে কষিয়ে নিন।
৫. এবার আড়াই থেকে ৩ কাপ পানি দিয়ে কড়াই ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। ডাল ও সবজি প্রায় সেদ্ধ হয়ে এলে পরবর্তী ধাপে যান।
৬. কড়াইয়ে ওটস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য গরম পানি যোগ করুন। ওটস নরম হয়ে মিশ্রণটি ঘন খিচুড়ির মতো হওয়া পর্যন্ত রান্না করুন। তলায় লেগে যাওয়া ঠেকাতে মাঝে মাঝে নাড়ুন।
৭. সব উপকরণ সেদ্ধ হয়ে এলে গরম মসলার গুঁড়া ও সামান্য ঘি ছড়িয়ে দিন। চুলা বন্ধ করে ঢেকে দুই থেকে তিন মিনিট রেখে দিন।
গরম গরম পরিবেশন করুন
তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর ওটস খিচুড়ি। সকালের নাশতায় গরম গরম পরিবেশন করুন। স্বাদ বাড়াতে পাশে রাখতে পারেন শসা, টমেটো বা লেবুর টুকরো।
ছোট্ট টিপস: খিচুড়ি বেশি ঘন হয়ে গেলে সামান্য গরম পানি মিশিয়ে নিতে পারেন। আর নরম ও মাখা মাখা খিচুড়ি পছন্দ হলে ওটস দেওয়ার পর অল্প আঁচে রান্না করুন। চাইলে তেলের পরিবর্তে অল্প ঘি ব্যবহার করতে পারেন।
ভোরের আকাশ/জেআ