ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী সেলস কার্নিভাল শুরু

শুধু ডাক্তার, প্রকৌশলী কিংবা সরকারি কর্মকর্তা হওয়ার লক্ষ্য নিয়ে নয়, বরং শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে দুদিনব্যাপী ‘সেলস কার্নিভাল-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং আত্মকর্মসংস্থানকে উৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. শেহেলী পারভীনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের শিক্ষার্থীরা সাধারণত ডাক্তার, প্রকৌশলী কিংবা সরকারি কর্মকর্তা হওয়ার লক্ষ্য নিয়ে বড় হয়। তাদের এ প্রচলিত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি করতে হবে। এর মাধ্যমে নতুন স্টার্টআপ গড়ে তুলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, একটি পরিশ্রমী জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক আর্থসামাজিক চিত্র পরিবর্তন করা সম্ভব। কৃষিপ্রধান বাংলাদেশকে ধীরে ধীরে শিল্প ও প্রযুক্তিনির্ভর দেশে পরিণত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
সেলস কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। শিল্পখাতের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত একাডেমিক কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
উল্লেখ্য, দুদিনব্যাপী এ সেলস কার্নিভালে দেশের ২১টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কার্নিভালে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টল ঘুরে দেখেন।
ভোরের আকাশ/জেআ