উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে ৩৭ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির উদ্যোগ

উচ্চশিক্ষাকে কর্মমুখী করা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সরকারের উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনবিষয়ক সেমিনার আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ব্রিজিং নলেজ উইথ ইন্ডাস্ট্রি ফর আ সাসটেইনেবল ফিউচার’।
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ বাড়ানো এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করছে। ৩৭টি বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন ও দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে শুধু চুক্তি স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে হবে। বর্তমানে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সমন্বয় নেই। ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পরও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতিতে পড়েন। এ ব্যবধান দূর করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা জরুরি।
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার আওতায় শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট, হাতে-কলমে প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব প্রকল্পে কাজের সুযোগ বাড়ানোর কথা বলেন। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং স্নাতক শেষে চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবেন।
অধ্যাপক ড. মামুন বলেন, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা ও যুগোপযোগী করতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদন এবং শিল্পক্ষেত্রে ব্যবহারের উপযোগী করতে হবে। এ জন্য যৌথ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণার ফলাফল শিল্পপ্রতিষ্ঠানে প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন এবং নিয়মিত জব ফেয়ার আয়োজনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি স্নাতক পর্যায়ে তিন থেকে ছয় মাসের পেইড ইন্টার্নশিপকে শিক্ষাক্রমের অংশ করার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আরও কর্মমুখী হবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
অধ্যাপক ড. মামুনের মতে, বিশ্ববিদ্যালয় শুধু চাকরিপ্রার্থী তৈরির প্রতিষ্ঠান নয়; গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে হবে। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর অংশীদারত্ব প্রতিষ্ঠা করা গেলে নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।
ভোরের আকাশ/জেআ