বেসরকারি মেডিকেল-ডেন্টালে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ

বাংলাদেশ সরকার বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য সুনির্দিষ্ট ফি নির্ধারণ করে দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এমবিবিএস কোর্সের ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা এবং বিডিএস কোর্সের ভর্তি ফি ১১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি উভয় কোর্সের জন্য ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা এবং মাসিক টিউশন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে গত ৬ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এই ফি নির্ধারণ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হয়েছে।
শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্নশিপ ফি আদায়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। এর মধ্যে ভর্তি ও ইন্টার্নশিপ ফি তিন ধাপে আদায় করতে হবে। প্রথম ধাপে ভর্তির সময় ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে প্রথম পেশাগত পরীক্ষা এবং তৃতীয় ধাপে তৃতীয় পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ করে ফি নেওয়া যাবে।
নির্ধারিত টিউশন ফি কোনোভাবেই একসঙ্গে আদায় করা যাবে না, বরং তা কেবল মাসিক ভিত্তিতে আদায় করতে হবে। সরকারের নির্ধারিত ফি ব্যতিরেকে অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র