১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। ওই দুর্ঘটনায় মোট ৪০ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় আরও অনেকে আহত হন।
নিহত শিক্ষার্থী, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি নিয়ে জগন্নাথ হলের স্মৃতিসৌধে যাওয়া হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ সব হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।
জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র ও সংশ্লিষ্ট স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে। এ ছাড়া সকালে হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি এবং সন্ধ্যা সাড়ে ৬টায় হলের উপাসনালয়ে শোকসংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় ‘অক্টোবর স্মৃতি রচনা প্রতিযোগিতা’ ও ‘অক্টোবর স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা’রও আয়োজন করা হবে।
ভোরের আকাশ/জেআ