পিরোজপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে বাজারের ‘আপন জুয়েলার্স’-এ এ ঘটনা ঘটে।
দোকানের মালিক বাবুল কর্মকার জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের পেছনের দেয়াল ভাঙা। দুর্বৃত্তরা দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৫ আনা স্বর্ণ এবং প্রায় ৮০ ভরি রুপা নিয়ে গেছে।
তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পাহারা জোরদার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ব্যবসায়ীদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। পুলিশের নিয়মিত টহল কার্যক্রমও অব্যাহত থাকবে।
এদিকে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ দাবি করেন, দক্ষিণ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে রাতের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। তার ভাষ্য, বাজারে চুরি ও মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে। ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও দক্ষিণ বাজারে চুরির ঘটনায় অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
চুরির এ ঘটনায় দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভোরের আকাশ/জেআ