গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিতরাজ গাছ থেকে আব্দুর রশিদ মিয়া (৫২) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা (দক্ষিণপাড়া) গ্রামে গাছ তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদ মিয়া রামপুরা (দক্ষিণপাড়া) গ্রামের মোজল মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, আব্দুর রশিদ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরই মধ্যে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব বলেন, আব্দুর রশিদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে রশিদ মিয়া নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/ র.ই