সালথায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০
১৫ বাড়িতে হামলা-ভাঙচুর, এলাকায় উত্তেজনা

ফরিদপুরের সালথায় ফসলি জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অন্তত ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার ও ফসলি জমি নিয়ে মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে কালাম মুন্সী তাঁর ফসলি জমির সীমানায় বেড়া দিতে গেলে নুর ইসলামের সমর্থকদের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় অন্তত ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে কালাম মুন্সী ও শাহজাহান মাতুব্বরসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মেহেরদিয়া গ্রামে জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব