মাদক কারবারকে কেন্দ্র করেই খুলনায় যুবদলকর্মী ফখরুলকে হত্যা, পুলিশের দাবী

খুলনার রূপসা উপজেলায় যুবদলকর্মী ফখরুল শেখ (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় মূল হত্যাকারীকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে মাদক কারবারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলেও ধারণা তাদের।
গত মঙ্গলবার (১১ আগষ্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রুপসা উপজেলার শ্রীরামপুর এলাকার রূপসা ব্রিকস ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।
ফরহাদ হোসেন বলেন, তার ভাই রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি ইটভাটার ক্যানেল ও মাছের ঘের দেখাশোনা করতেন।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) খুলনার পুলিশ সুপার (এসপি) তাজুল ইসলাম জানান, ফখরুলের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করেন। ফখরুলও নিয়মিত ইটভাটায় যাতায়াত করতেন এবং ইটভাটা ও মাছের ঘেরের দেখাশোনা করতেন। মঙ্গলবার বিকেলে ইটভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের বাগ্বিতণ্ডা হয়।
এরপর রাতে তৈয়ব দায়িত্ব পালন করতে যাননি। রাত ১২টা ৫৫ মিনিটের দিকে ইটভাটার অফিস কক্ষের পাশে অবস্থানরত ফখরুলকে লক্ষ্য করে একদল অস্ত্রধারী গুলি চালায়। এতে তাঁর ঘাড় ও মাথায় গুলি লাগে। গুলির শব্দ শুনে ভাই ফরহাদসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা খোসাগুলো পিস্তলের গুলির। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দুপুরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
এসপি বলেন, ঘটনাস্থলের পাশে একটি বড় মাদকের আখড়া রয়েছে। ওই আখড়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে নিহতের পরিচিত একজন ব্যক্তি ছিলেন। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না। তবে পুলিশ ওই ব্যক্তিকেই হত্যাকারী হিসেবে শনাক্ত করেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোরের আকাশ/রই