চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে জেলা প্রশাসকের মানবিক সফর
নার্সদের “মানবতার দেবদূত” আখ্যা দিলেন ডিসি জাহিদুল

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রায় দুই ঘণ্টার এই সফরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন।
সফরকালে তিনি বহিঃবিভাগ, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ, ক্যান্সার ইনস্টিটিউট ও অটিজম ইউনিটসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসক নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় ধরে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সেবার মান, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার প্রশংসা করেন।
অনুষ্ঠানে নবীন নার্সদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানবিকতা ছাড়া কোনো জ্ঞান বা দক্ষতাই সমাজকে পূর্ণতা দিতে পারে না। “মেধাবীরা যখন মানবিক হন, তখনই সমাজ ও রাষ্ট্র প্রকৃত অর্থে উপকৃত হয়,”— বলেন তিনি।
নার্সদের “মানবতার দেবদূত” হিসেবে অভিহিত করে তিনি আরও বলেন, রোগীরা যখন হাসপাতালে আসেন, তখন নার্সরাই হাসিমুখে তাদের সেবা দিয়ে সুস্থতার পথে ফিরিয়ে নেন। মানবিক সেবাই একটি সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি।
তিনি আরও বলেন, মানুষের জীবনের বাস্তবতা উপলব্ধি করতে হলে নিয়মিত হাসপাতাল ও কবরস্থান পরিদর্শন করা উচিত। এতে জীবনের মূল্য ও দায়িত্ববোধ আরও গভীরভাবে উপলব্ধি করা যায়।
সফরকালে তিনি ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং অটিজম ইউনিটের শিশুদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি খাদ্যাভ্যাস, পানি ও পরিবেশগত বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে হাসপাতাল ক্যাম্পাসে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নবীন শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও ক্যাপ পরানোর আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জেলা প্রশাসকের এই মানবিক সফরকে অনুপ্রেরণাদায়ক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ভোরের আকাশ/নি