কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় সার বিতরণে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে প্রায় সাড়ে চার ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। ওই বাজারে অবস্থিত সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারীজ’-এ সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে কৃষকদের অভিযোগ, ডিলার ভোর থেকেই সার বিতরণ শুরু করে নির্ধারিত সময়ের আগেই সার শেষ করে দেন। সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকেরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
একপর্যায়ে কৃষকেরা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুদামে পুলিশ মোতায়েন করা হয় এবং কৃষকদের ক্ষোভ থেকে কর্মকর্তাকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়।
পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশের নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে বের করে ইউএনওর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে সার বিতরণ শুরু করা হয়। তার দাবি, সার বিতরণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। বিতরণ শেষে কয়েক শ কৃষক সেখানে এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ডিলার পয়েন্টে সুষ্ঠুভাবেই সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সার বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ এনউব