পাবনায় পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুরের!

পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে মোজাম হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মোজামের বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘ বছর ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সাথে ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। তিনি ঢাকাস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
রোববার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। শেষে হাতের কাছে থাকা ধারালো বটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। নিজেই নিজেকে আঘাত করেন পুত্রবধূ রমি।
পরে গুরুতর আহত অবস্থায় শ্বশুর মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সোমবার ভোররাত তিনটার দিকে তার মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। আর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ভোরের আকাশ/মো.আ.