টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুরের পর আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের পর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এর আগে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গ্রামীণ ব্যাংকের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা ব্যাংকটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। পরে ব্যাংকের ভেতরে আগুন ধরিয়ে দেন। এতে ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ব্যাংকের সাইনবোর্ডসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
এর আগে গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।
এদিকে, টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপির সমর্থকদের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িসহ বিএনপির বেশ কয়েকজন সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ