বাসাইলে কমিউনিটি পুলিশ কাবাডিতে হাবলা ইউনিয়ন চ্যাম্পিয়ন

মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলামুখী করতে টাঙ্গাইলের বাসাইলে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাসাইল থানা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনালে বাসাইল পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাবলা ইউনিয়ন পরিষদ দল। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এ গ্রামীণ খেলা উপভোগ করতে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আলমগীর কবির বলেন, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে মোবাইল ও অনলাইন আসক্তি থেকে বের করে মাঠে ফিরিয়ে আনতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমনের পাশাপাশি সমাজকে মাদকমুক্ত ও ইতিবাচক ধারায় রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা