মাধবপুরে দায়িত্ব নিয়েই নতুন এসিল্যান্ডের অভিযান, দুদিনে জরিমানা ৪ লাখ

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে দায়িত্ব নেওয়ার পরপরই অভিযান শুরু করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। গত দুই দিনের পৃথক অভিযানে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং সোমবার (২৮ সেপ্টেম্বর) আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে সাজিদ মিয়াকে (৩৫) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ফারুক মিয়াকে (৩৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দুই দিনের পৃথক অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হলো।
ভোরের আকাশ/এম