গাইবান্ধায় জমা-জমি নিয়ে সংঘর্ষে দিনমজুর নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমা-জমি নিয়ে সংঘর্ষে মুনজিল হক (৬২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনজিল হক ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই গ্রামের মুনজিল হক ও আবু বক্কর পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। বিরোধপূর্ণ ওই জমির এককোনায় মুনজিল হক গ্রুপ মাটি ভরাট করেছিল। আজ বুধবার সকালে আবু বক্কর গ্রুপ ওই মাটি সরাতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মুনজিল হকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেপ্তারের পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/জাআ