হালুয়াঘাটে চায়না দুয়ারি জাল জব্দ, আটক ১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের একটি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
এ সময় সুজন নামে একজনকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ধারা বাজারের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। অভিযানে ধারা কয়রাহাটি এলাকার বাসিন্দা সুজনকে আটক করা হয়।
মোবাইল কোর্টে আটক সুজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল ্কোর্ট পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।
এ সময় ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “একসময় আমাদের খাল-বিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারের কারণে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তাই এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। চায়না নিষিদ্ধ দুয়ারি জাল জনতার সম্মুখে ধ্বংস করা হয়। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।”
উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, পোনা এবং জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তাই এ ধরনের জালের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই