খুলনায় গম চুরির অভিযোগে সভাপতিসহ আটক ৩, শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনা মহানগরীর মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অবরোধ চলে। এ সময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।
সভাপতিকে মুক্তি না দিলে শ্রমিকরা পুনরায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। এছাড়া সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকেই মানিকতলা খাদ্য গুদামের সকল প্রকার লোড আনলোড বন্ধ রয়েছে।
জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাতে খাদ্য গুদামের অভ্যন্তরের সাইলো থেকে দুই ট্রাক গম কোনো ইনভয়েস ছাড়া অবৈধভাবে গেট থেকে বের করার সময় সাইলো কর্তৃপক্ষ আটক করে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়। সকালে এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে মহাসড়ক অবরোধ করে।
কেএমপি উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সম্প্রতি মানিকতলা গোডাউন থেকে গম চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্তে নামে। তদন্তে সভাপতি আরিফের নাম আসে। তাকে পুলিশ থানায় নেয়। গম চুরির ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
ভোরের আকাশ/সু.পা