দিরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জের দিরাইয়ে উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হুসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পত্নী পারভিন চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। দেশ ও গণতন্ত্রের যেকোনো সংকটে ৭ নভেম্বরের চেতনা আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সর্দার, মাইদুল হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবু সাইদ চৌধুরী ও কয়ছর মিয়া।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সাবেক ছাত্রনেতা শাহ আলম, আল মরিয়াদ তনয়, জুনেদ মিয়া এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য তানভির রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/রই