বদলগাছীতে ৪,১০০ কৃষক পাচ্ছেন সরিষা চাষের প্রণোদনা

নওগাঁর বদলগাছীতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। পর্যায়ক্রমে ১০ জন করে কৃষকের দল গঠন করে মোট ৪ হাজার ১০০ কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাঁদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়। অথচ বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনার সুযোগ অনেক সময় থাকে না। এ সমস্যা সমাধানে কৃষকদের চাহিদা অনুযায়ী পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগী কৃষকেরা।
ভোরের আকাশ/সু.পা