কিশোরগঞ্জ জেলা প্রশাসকের তাড়াইল সফর

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন তাড়াইল উপজেলায় দিনব্যাপী সফর করেছেন।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরের সময়সূচি অনুযায়ী, জেলা প্রশাসক সকালে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ করেন। পাশাপাশি তিনি অভিভাবক সমাবেশে যোগদান, মাঠের মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন এবং ওয়াশব্লক উদ্বোধন করেন।
শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। ভাষা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি হলে শিশুরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে প্রশাসন সবসময় পাশে আছে।”
এরপর সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকাল সাড়ে ১০টায় কল্পা ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারিওয়াল উদ্বোধন, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ এবং স্কুলব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ করেন।
বেলা ১১টায় তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাব উদ্বোধন ও আইসিটি বিষয়ক বই বিতরণ এবং ১১টা ২০ মিনিটে উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনে কালচারাল ক্লাব উদ্বোধন করেন তিনি। বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুল দিয়ে বরণ ও চা বিরতির পর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিজয়ী প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এ ছাড়া বেলা ১১টা ৪৫ মিনিটের কর্মসূচির আওতায় রাউতি ও ধলা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন, সদর ইউনিয়ন পরিষদে ফগার মেশিন এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। একই পর্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ও সেবামূলক কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমি সেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম অঙ্গীকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব।”
বিকেলে জেলা প্রশাসক তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন ভূমি অফিস, ধলা ইউনিয়ন পরিষদ ও ধলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তিনি তাড়াইল উপজেলা ভূমি অফিস ও তাড়াইল উপজেলা কৃষি অফিস পরিদর্শন, বাংলোতে দুপুরের খাবার গ্রহণ এবং বিকেল ৩টায় ব্রাক এনজিও পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি সম্পন্ন করেন।
ভোরের আকাশ/রই