মহেশপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে মাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে ইখলাসুর রহমানের সঙ্গে তার মা শখের বানুর (৫৭) প্রায়ই বাগ্বিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতেও টাকা চাওয়া নিয়ে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে ভোররাতের দিকে ইখলাসুর রহমান তার মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শখের বানুকে জবাই করে হত্যার পর পালিয়ে যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘটনার পর পার্শ্ববর্তী এলাকা থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা