ধামইরহাটে ৩টি ককটেল বিস্ফোরণ, আরও ৩টি উদ্ধার

নওগাঁর ধামইরহাটে গভীর রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনের গেটের পূর্ব পাশে এবং মান্নান কনফেকশনারি দোকানের সামনে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় নৈশপ্রহরীরা জানান, রাত ১২টা ২৫ মিনিটের দিকে তারা পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল এবং ছাত্রদল নেতা আবু কাহার সিদ্দিক (আদর) প্রশাসনের প্রতি দ্রুত ও জরুরি ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা