টাঙ্গাইলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

"ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী পর্যটন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় জেলা প্রশাসক বলেন, টাঙ্গাইল পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জেলা। টাঙ্গাইলের জিআই পণ্য শাড়ি, চমচম, আনারস, বিভিন্ন ঐতিহাসিক জমিদার বাড়ি সহ নানা সবুজ প্রকৃতি স্থাপনাকে কেন্দ্র করে এখানে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। এ সব পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সেই সঙ্গে জেলার পর্যটন সম্ভাবনা স্থাপনা গুলোকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার কথা জানান জেলা প্রশাসক।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহবুব হাসান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, পূরবী হোটেলের স্বত্বাধিকার পূরবী বাবুল প্রমুখ।
এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে।
ভোরের আকাশ/সু.পা