জুলাই আন্দোলনের আদর্শ ধারণের আহ্বান সারোয়ার তুষারের

খুলনায় জাতীয় ছাত্রশক্তি মহানগর শাখার উদ্যোগে ‘সনদ থেকে গণভোট’ শীর্ষক একটি বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে খুলনা মহানগরের সাতরাস্তা মোড়স্থ বিএমএ ভবনে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘সনদ থেকে গণভোট: দ্বিতীয় বছরে জিন্দা জুলাই’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের স্বার্থকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে সারোয়ার তুষার আরও বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক অবস্থান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন, যা ভবিষ্যতের রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ।
জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগরের আহ্বায়ক জাহিদ হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ওয়াহিদ-উদ-জামান এবং জাতীয় নারীশক্তির যুগ্ম আহ্বায়ক আশরেফা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদুল্লাহ হাফেজি আরিয়ান, এনসিপি মহানগরের সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, দিদারুল ইসলাম, খন্দকার হেলাল উদ্দিন, জাতীয় ছাত্রশক্তি খুলনা জেলা সদস্যসচিব আসাদুল্লাহ গালিব, মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মুখ্য সংগঠক সাকিবুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগরের পাঠচক্র সম্পাদক আজমাইন জারিফ সাজীম।
ভোরের আকাশ/জেআ