কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন

পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কিছু গণমাধ্যমে কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র এবং দেশের আইন মেনে গঠিত হয়েছে।
আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত কোটি টাকার বেশি তহবিল আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে তিনি কুচক্রী মহলের সহায়তায় এসব অপপ্রচার চালাচ্ছেন।
রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত এবং বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রাক্তন সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে। উৎসব সুষ্ঠু করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানালেও ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ এবং সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/রই