ঘোড়াঘাটে নাশকতা ও মাদক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদক মামলার দুই আসামি ও পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার একটি স্থান থেকে আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার নয়াপাড়া এলাকার আফছার উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মামলাটি তদন্ত করতে গিয়ে আশরাফুল আলমের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক মামলার দুই আসামি ও পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট পাঁচজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা