বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মহিবুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় ইজিবাইকের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ চন্দ্রদিঘলীয়া গ্রামের মৃত সুফি সাহেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা 'ফাল্গুনী পরিবহনের' একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ প্রাণ হারান এবং ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে, এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/রই