গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতা শাকিলকে গুলি করে হত্যার চেষ্টা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন। শাকিল খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাতে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে বাজারপাড়া এলাকার নুর একাডেমি স্কুলের কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি শরীরে না লাগায় প্রাণ বাঁচাতে দৌড় দেন তিনি। এ সময় হামলাকারীরা মোটরসাইকেলে তাঁর পিছু নেন।
একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশিন জাহান জানান, বুধবার রাতে গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী সুমন জানান, চাঁচকৈড় বাজারপাড়া শহীদা জলিল স্কুলের কাছে পরপর দুটি গুলির শব্দ শুনতে পান তাঁরা। এগিয়ে গিয়ে ছাত্রদল নেতা শাকিলকে দৌড়ে যেতে দেখেন। তাঁর পেছনে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ধাওয়া করছিলেন। কিছুক্ষণ পর হামলাকারীদের রক্তমাখা অস্ত্র নিয়ে ফিরে যেতে দেখেন তিনি। এ সময় শহীদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে শাকিলকে চিৎকার করতে শোনা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ রাতেই হাসপাতালে গিয়ে আহত শাকিলকে দেখেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা