বিগত ইন্টেরিম সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমান ও পর্যটন মন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের ক্ষতির পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারও দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয় এবং অস্থিরতা বজায় থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়েছে। দেশে ছড়িয়ে পড়া অপতথ্যের পেছনে একটি দলের ‘বট বাহিনী’ জড়িত বলেও মন্তব্য করেন তিনি। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান মন্ত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওনসহ অন্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা