খুলনায় বাসে আগুন দেওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান, যাদের মধ্যে চয়ন নামে এক ছাত্রলীগ নেতা ছিলেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
আটক ব্যক্তিরা হলেন বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা কৌশিক ও ইয়াছিন। বিএনপি নেতাদের দাবি, আটক এই দুই যুবক যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং চয়নের নেতৃত্বে নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, নাশকতা প্রতিরোধে দলের নেতাকর্মীরা সারা রাত নগরীর বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। ভোরে তিনি ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি নগরীতে বের হলে সন্দেহজনকভাবে চার যুবককে চলাফেরা করতে দেখে থামানোর চেষ্টা করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দিলে দুজন পালিয়ে যান এবং কৌশিক ও ইয়াছিনকে আটক করা হয়।
মন্টুর অভিযোগ, আটক যুবকরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে নগরীর অন্য কোথাও নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, সকালে মোটরসাইকেলে করে কুদির বটতলা এলাকা থেকে ফেরার পথে তাদের দেখে একটি মোটরসাইকেল থেমে যায় এবং অন্যটি একটি গলিতে ঢুকে পড়ে। পরে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, বটিয়াঘাটার চয়নের নেতৃত্বে তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক দুজনই বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য তারা লবণচরা থানা এলাকার একটি পেট্রোল পাম্পে এসেছিলেন। এ সময় সন্দেহ হলে বিএনপির নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নাশকতার সঙ্গে তাদের প্রকৃত সম্পৃক্ততা রয়েছে কি না, মোবাইল ফোনের ভিডিও ফুটেজ এবং বিএনপি নেতাদের তোলা অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/আ.র