অষ্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চা বাড়াতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), কিশোরগঞ্জের অর্থায়নে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, অষ্টগ্রামের সহযোগিতায় অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই স্টোর উদ্বোধন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি, অষ্টগ্রামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আতাউল গনির সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আবসার, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটি অষ্টগ্রাম শাখার সাবেক সভাপতি রেজাউল করিম সেলিম এবং অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অজিত দত্ত প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের শৈশব থেকেই সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সততা স্টোরের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধন ও আলোচনা সভা শেষে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিগত অর্থবছরে প্রতিষ্ঠিত উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সততা স্টোর পরিদর্শন করা হয়।
ভোরের আকাশ/সু.পা