মধ্যপাড়া খনি শ্রমিকদের ৫২ সন্তানের জন্য শিক্ষা উপবৃত্তি দিল জিটিসি

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ সন্তানের হাতে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ তুলে দিয়েছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতিষ্ঠানটির সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এ উপবৃত্তি দেওয়া হয়েছে।
জিটিসির নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপবৃত্তি বিতরণ করেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।
জানা গেছে, প্রতিষ্ঠানটি খনিতে কর্মরত শ্রমিক ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য বিভিন্ন সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসব কার্যক্রমের অংশ হিসেবে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত সন্তানদের জন্য মাসিক শিক্ষা উপবৃত্তি চালু করেছে জিটিসি। পাশাপাশি খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন সামাজিক সেবা দিতে সমাজকল্যাণ সংস্থা ‘জিটিসি চ্যারিটি হোম’ প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠানটি।
জিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, খনি এলাকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে স্থানীয় বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত মানুষ এ সেবা গ্রহণ করছেন।
ভোরের আকাশ/সু.পা