ঢাকা ও খুলনায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ঢাকা ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে দুটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। রোববার (২২ নভেম্বর) রাজধানীর পল্লবী ও খুলনার রূপসা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-০৪-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানার কালশী মোড়ে অভিযান চালায়। এ সময় খুলনা সদর থানার একটি ধর্ষণ মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি চঞ্চল মাহমুদ পাঠান (৩৭) গ্রেপ্তার হন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি দল খুলনার রূপসা থানার তিলকগ্রামে অভিযান চালায়। স্থানীয় একটি চায়ের দোকান থেকে লবণচরা থানার ধর্ষণ মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মাশরাফি মোল্লা (২২) গ্রেপ্তার হন।
গ্রেপ্তার দুজনের মধ্যে চঞ্চল মাহমুদ পাঠানের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট পাঠান বাড়ি এলাকায়। মাশরাফি মোল্লার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চঞ্চল মাহমুদ পাঠানকে ঢাকার পল্লবী থানা এবং মাশরাফি মোল্লাকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব