শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জুলাই মাসের বকেয়া বেতনের দাবীতে পৌর সভার গিলার চালায় অবস্থিত ইকো কটন টেক্স লি. কারখানার দুই শতাধিক শ্রমিক এ বিক্ষোভ করে।
খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলতি মাসের ২৮ তারিখে বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা আন্দোলন স্থগিত করে সাড়ে ১২টায় কাজে যোগদান করেন।
শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই মাসের বেতন সময়মতো পরিশোধ না করার করণে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ইকো কটন টেক্স লি: কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ওই কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে কথা বলে জুলাই মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৮ তারিখে পরিশোধের আশ্বাস দেন । এরপর শ্রমিকরা সাড়ে ১২ টার দিকে কাজে যোগ দেন
শ্রমিকরা জানায়, প্রতি মাসের সাত তারিখে বেতন প্রদান করা হয়। কিন্তু জুলাই মাসের বেতন গত ১৮ আগস্ট পর্যন্ত তা পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ বার বার তারিখ ঘোষণা করছে। তাই জুলাই মাসের বেতন এবং প্রতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
এ বিষয়ে ইকো কটন টেক্স লি. কারখানার মালিক আতাউল আসাদ শিব্বির তার কারখানায় আন্দোলনের বিষয়টি অস্বীকার করেন।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘জুলাই মাসের বেতনের দাবিতে সকাল ৯ টায় শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে দুপুর ১২টায় মালিক পক্ষের সাথে কথা বলে জুলাই মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৮ তারিখ এবং আগস্ট মাসের বেতন আগামী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত নেই। পরে তারা দুপুর সাড়ে ১২টায় পুনরায় কাজে অংশ নেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ভোরের আকাশ/জাআ