বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ী স্বপন গ্রেপ্তার

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মো. স্বপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাণী নির্যাতনের অভিযোগে বগুড়া সদর থানায় একটি মামলা এবং অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া স্বপন নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া পৌরসভার বকশিবাজার ১ নম্বর (মেইন) গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
পুলিশ জানায়, গত ২৯ জুন দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন খবর পান, কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে একটি সাদা-কালো রঙের পথকুকুর গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে আছে।
পরে তিনি স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে।
এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়।
মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। গ্রেপ্তারের সময় স্বপনের দেহ তল্লাশি করে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/ র.ই