মানিকগঞ্জের সাগর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদক সংক্রান্ত বিরোধের জেরে নিহত সাগর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই মানিকগঞ্জ। শুক্রবার (৩১ জুলাই) সকালে পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
পিবিআই জানায়, গত ২৭ জুলাই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পুটাইল গ্রামের আনসার আলীর ছেলে সাগর আহমেদ (২৪) ও তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে মোটরসাইকেল যোগে ঘোষতা খেয়াঘাট এলাকায় আসেন। এসময় গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন আনু ও তার কতিপয় সহযোগী সাগর ও স্বাধীনের উপর চরাও হয়। স্বাধীনকে ধরে ফেললেও সাগর কালিগঙ্গা নদীতে ঝাঁপিয়ে পড়ে। ২৯ জুলাই সাগরের মরদেহ সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নের বাঘিয়া এলাকার কালিগঙ্গা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ থানায় মামলা করা হয়। এর প্রেক্ষিতে সাগর হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে ছায়া তদন্ত নামে পিবিআই। অবশেষে হত্যাকাণ্ডের চার দিন পর সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে আনোয়ার হোসেন ওরফে আনুকে গ্রেফতার করে পুলিশ।
পি বি আই এস পি জয়ীতা শিল্পী জানান, গ্রেফতারকৃত আসামি আনুর দেওয়া জবানবন্দি মতে ঐরাতে সাগর ও স্বাধীন মানিকগঞ্জ জেলা শহর থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বাড়িতে ফিরছিল। ইয়াবা ক্রয়ের তথ্য গ্রেফতারকৃত আসামি আনুকে মোবাইল ফোনে জানিয়ে দেয় বিক্রেতা। সেই তথ্যমতে সাগর ও স্বাধীনকে খেয়া ঘাটে পাকড়াও করে আনু ও তার সহযোগী। তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেন সাগর। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সাগরের বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।পিবিআই এসপি আরো জানান, অভিযুক্তদের বেআইনি কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং অবহেলার কারণেই সাগর নদীতে ডুবে মারা যান।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে বৃহস্পতিবার (৩০ জুলাই) সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এনউব