কারাগারে অসুস্থ গাইবান্ধা উপজেলা আ.লীগ সভাপতি’র মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন। আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে অন্য মামলায় গ্রেপ্তার হন তিনি।
ভোরের আকাশ/এনএস