কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলতে গিয়ে জিসান আহমেদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের প্রবাসী জালাল হোসেনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা শুরুর প্রায় চার মিনিটের মাথায় অংশগ্রহণকারী দলের সদস্য জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে।
পরে দায়িত্বপ্রাপ্ত রেফারি ও শিক্ষকেরা তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দুপুরে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খেলার মাঠে অসুস্থ হয়ে পড়ার পর শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ অন্য শিক্ষকরা। এ সময় তারা শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
ভোরের আকাশ/ এনউব