জনবল সংকটে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

৫০ শয্যাবিশিষ্ট চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এ উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় ছয় লাখ মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের একমাত্র ঠিকানা।
দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৮ কিলোমিটার অংশজুড়ে প্রতিদিনের নানান দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবারও নির্ভরযোগ্য স্থান এটি। উপজেলার ছয় লাখ মানুষ ও মহাসড়কের শত শত আহত মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের একমাত্র এই সরকারি হাসপাতালটিতে মঙ্গলবার (২০ অক্টোবর) দেখা দিয়েছে তীব্র জনবল সংকট।
হাসপাতালের গুরুত্বপূর্ণ অনেক স্টাফের পদ শূন্য। বিভিন্ন কাঙ্ক্ষিত পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা ও দাপ্তরিক কার্যক্রম। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে়ছে। প্রয়োজনীয় সেবা প্রাপ্তি ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়ছেন এ উপজেলার লাখ লাখ মানুষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ৪ জনের মধ্যে আছেন ৩ জন, শূন্য— ১ জন; হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট পদসংখ্যা ১১ হলেও কর্মরত আছেন ৫ জন; মেডিকেল অফিসার পদও ৫ জনের মধ্যে শূন্য রয়েছে ১টি।
হাসপাতালের নার্স ৪ জনের মধ্যে ২ জন বর্তমানে কর্মরত রয়েছেন। সিনিয়র স্টাফ নার্স পদসংখ্যা ৩০, কর্মরত আছেন মাত্র ২১ জন; স্বাস্থ্য সহকারী ৮৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩৫ জন; মেডিকেল টেকনোলজিস্ট পদসংখ্যা ৮, কর্মরত আছেন ৫ জন; অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৩টি পদের বিপরীতে আছেন ১ জন।
আয়া পদে ২ জনের মধ্যে কর্মরত আছেন ১ জন; বাবুর্চি ৩ জনের মধ্যে ১ জন কর্মরত; এমএলএসএস ৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ জন; সিকিউরিটির ৩টি পদের বিপরীতে কর্মরত আছেন ১ জন; ওয়ার্ড বয় ৩ জনের মধ্যে কর্মরত ১ জন; ক্লিনিং স্টাফ ৫ জনের মধ্যে কর্মরত আছেন মাত্র ১ জন।
হাসপাতালটির গুরুত্বপূর্ণ ক্যাশিয়ার, প্রধান সহকারী কাম অ্যাকাউন্ট্যান্ট, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ, ফার্মাসিস্টের ২টি পদ, কম্পাউন্ডার, টিবি অ্যান্ড লেপ্রোসি, টিকিট ক্লার্ক, জুনিয়র মেকানিক পদ শূন্য অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে।
হাসপাতালটির স্বাস্থ্য সহকারীর ৪৯টি পদ শূন্য থাকায় মাঠপর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে। পর্যাপ্ত কনসালটেন্ট না থাকায় রোগীরা কাঙ্খিত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নার্সের স্বল্পতার কারণে ওয়ার্ডে রোগীদের যথাযথ সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
পর্যাপ্ত ক্লিনার না থাকায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ে়ছে। একই সঙ্গে নিরাপত্তাকর্মীর অভাবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে় উদ্বেগ তৈরি হয়েছে এবং প্রায়ই চুরির ঘটনা ঘটছে। ফার্মাসিস্টের সব পদ শূন্য থাকায় ওষুধ বিতরণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছে।
টিকিট ক্লার্ক না থাকায় টিকিটসংক্রান্ত দাপ্তরিক কাজেও বিঘœ ঘটছে। এ ছাড়া অফিস সহায়কের স্বল্পতার কারণে দাপ্তরিক কার্যক্রম ও অফিসের রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য সহকারীর পদগুলো শূন্য থাকায় মাঠপর্যায়ে টিকাদানসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রমের স্বাভাবিক গতি ধরে রাখা কঠিন হয়ে পড়ে়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং চিঠিও পাঠানো হয়েছে। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ বা পদায়ন না হওয়ায় সংকটের সমাধান হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক চিকিৎসাসেবা, রোগীদের যথাযথ পরিচর্যা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম সচল রাখতে শূন্য পদগুলোতে দ্রæত জনবল নিয়োগ ও পদায়ন হলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে।
ভোরের আকাশ/রই