সাতকানিয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

চট্টগ্রামের সাতকানিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।
সভায় বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সাতকানিয়া-লোহাগাড়ার মাটিতে সব ধর্ম ও মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আমাদের সামাজিক শক্তি। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতকানিয়া সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/জেআ