ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ উপলক্ষে নির্বাচন আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ