নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই দেশের নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা সার্কিট হাউসে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও অববাহিকাভিত্তিক উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অত্যন্ত আশাবাদী।
এমনকি তিনি নিজ হাতে তিস্তার চরে কোদাল দিয়ে মাটি কাটার অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
প্রতিবেশী দেশের সঙ্গে তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে ফরহাদ হোসেন আজাদ বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিবেশী দেশের বিভিন্ন ভূমিকার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি ফারাক্কা বাঁধ ইস্যুতে সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ আচরণের দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/সু.পা