১৭টি বেহুন্দী জালসহ বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম জব্দ
নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই পাথরঘাটায় দুই অবৈধ ট্রলিং বোটসহ আটক ২১

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরুর প্রথম দিনেই বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ১৭টি বেহুন্দী জালসহ বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। অভিযানকালে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রল ডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২১ জেলেকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা ট্রলিং বোট, জাল ও অন্যান্য সরঞ্জাম এবং আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা