সরিষাবাড়ীতে ৪ গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে কাঠের ব্রিজ নির্মাণ

জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নে চারটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক। শুক্রবার বিকেলে ইউনিয়নের মানিকপটল বাজার সংলগ্ন মানিকপটল-ঝালোপাড়া যাতায়াতের একমাত্র পথে কাঠের ব্রিজ নির্মাণ করে দেন তিনি। এরমধ্য দিয়ে চলাচলের দুর্ভোগ কিছুটা হলেও দূর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল যমুনা শাখা নদীর উপর কোন ব্রীজ কালভাট না থাকার কারনে দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রামের মানুষদের যাতায়াতে নানা দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হতো। নদীর কিছুটা অংশে পানি থাকার কারনে ভিজে নদী পারাপার করতো স্থানীয়রা। বিষয়টি জানার পর স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির নির্দেশনায় পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের অর্থায়নে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। নির্মিত নতুন কাঠের ব্রিজ দিয়ে শিশু, নারী ও বয়স্করা স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন। রঙিন বেলুনে সাজানো ব্রিজ দিয়ে চলাচল করছে স্থানীয়রা।
শুক্রবার বিকেলে ব্রীজটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপুল সরকার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফজল হক, ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় হাসান, সদস্য বিজয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানিকপটল এলাকার ওসমান গণি, অটোচালক শামিম হাসান বলেন, এটি চার গ্রামের মানুষের যাতায়াতে রাস্তাটি গুরুত্বপূর্ণ। এটি আমাদের চলাচলের একমাত্র ভরসা। আগে পারাপারে খুব কষ্ট হতো, বিশেষ করে রোগী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়তে হতো। এখন কাঠের ব্রিজ হওয়ায় চলাচলে অনেক সুবিধা হয়েছে। ভবিষ্যতে এখানে স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানাই।
ভোরের আকাশ/আ.র